বাড়ছে শীত, ১৪ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৫ | অনলাইন সংস্করণ

হিমালয়ের কাছাকাছি হওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। বিগত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করে ছড়াচ্ছে সূর্যের আলো। শীতের পরশ ছড়াচ্ছে উত্তরাঞ্চলের এ জেলার জনপদে। শীতের মাত্রাটা কিছুটা বেড়েছে। এমন শীতের মধ্যে ভোর থেকেই কর্মব্যস্ততা দেখা যায় বিভিন্ন শ্রমজীবী মানুষদের। দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালকসহ কৃষকরা কাজে বেরিয়েছেন সকাল সকাল।

এদিকে দিনে গরম ও রাতে হালকা শীতের কারণে আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।