বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৪২ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিদলের সঙ্গে গণচীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং-এর দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলটির নেতৃত্বে আছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিনে বেইজিংয়ের আইডিসিপিসি ভবনে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর সঙ্গে আরেকটি পৃথক দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয় বিএনপি প্রতিনিধিদলের।
সভায় উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের মৈত্রী দৃঢ়করণের যে সূচনা হয় এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিকশিত হয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা নতুন উচ্চতায় উন্নীতকরণের বিষয়ে উভয়পক্ষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ‘কম্প্রেহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ’ দুই দেশের গভীর আস্থা ও বহুমাত্রিক সহযোগিতার প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
এছাড়া চীনের সিপিসি এবং বিএনপির মধ্যকার সম্পর্ক উন্নয়ন, দ্বিপাক্ষিক সফর এবং নিয়মিত প্রাতিষ্ঠানিক মত বিনিময়ের লক্ষ্যে উভয়পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে।
