চট্টগ্রাম বন্দরে ৩ দিনের সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৯:৩৯ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে নৌবাহিনীর জাহাজ। জানা যায়, (০৮-১০) মে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুনয়না বাংলাদেশে আগমন করে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।
সফরকালে আইএনএস সুনয়নার কমান্ডিং অফিসার কমান্ডার সিদরাত চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নৌ অ্যাটাশে ক্যাপ্টেন বিক্রমদীপ সিং চৌহান ০৯ মে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে সামুদ্রিক লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা, বন্দরের ডিজিটালাইজেশন কার্যক্রম, সামুদ্রিক শিক্ষা, বাংলাদেশি নাবিকদের সহজে ভিসা প্রদান, সামুদ্রিক যোগাযোগ উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সদস্য (হারবার ও মেরিন) ভারতীয় নৌজাহাজের কর্মকর্তা ও নাবিকদের সার্বিক অবস্থান, সফর কার্যক্রম এবং জাহাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি আইএনএস সুনয়নার বাংলাদেশ সফরের সার্বিক সফলতা কামনা করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের পেশাগত সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
