দেশে বর্তমানে গ্যাস ও তেলের তীব্র সংকট চলছে
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৬ | অনলাইন সংস্করণ
দেশে তৈরি হওয়া গ্যাস, তেল ও তীব্র জ্বালানি সংকট নিরসনে সরকারের সাথে অংশ নিয়ে সমাধান দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পথসভায় জামায়াত আমির বলেন, "দেশে বর্তমানে গ্যাস ও তেলের তীব্র সংকট চলছে। আমরা সংসদে এ বিষয়ে কথা বলেছি এবং সংকটের সমাধানে অংশ নিতে চেয়েছি। আমাদের একটি কারিগরি বিশেষজ্ঞ দল (টেকনিক্যাল এক্সপার্ট টিম) রয়েছে, যাদের সরকারের সাথে যুক্ত করার প্রস্তাব দিলেও কোনো সাড়া মেলেনি। আমরা বলেছি, সব কৃতিত্ব আপনারা নেন, কিন্তু সাধারণ মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন।"
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, "আজ দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে মানুষ তাল মেলাতে পারছে না। সারাদিন হাড়ভাঙা খাটুনি শেষে ঘরে ফিরে মানুষ বিদ্যুৎ পায় না; এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে।"
এর আগে ষাট দশকের ইসলামী শিক্ষা আন্দোলনের ছাত্র নেতা শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করতে ভোর সাড়ে ৬টায় মানিকপোটল গ্রামে পৌঁছান জামায়াত আমির। কবর জিয়ারত শেষে তিনি শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
জামায়াত আমিরের আগমন উপলক্ষে মানিকপোটল মাদ্রাসা মাঠে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ এবং ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম।
