ইমরানের পাশে ক্যারিবীয় তারকা লারা

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ককে প্রাপ্য মর্যাদা দেওয়ার পাশাপাশি তার জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন তিনি। বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হলেও, ইমরান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করে আসছে।

গত কয়েক সপ্তাহে ইমরানের শারীরিক অবস্থার অবনতি ঘটার খবর সামনে এলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে গত মাসে ২১ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি চিঠি দেন। চিঠিতে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কেরা স্বাক্ষর করেছিলেন।

এর আগে গত ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে পাকিস্তান সরকারকে চিঠি পাঠিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না পাওয়ায় পুনরায় এই উদ্যোগ নেওয়া হয়।

সাবেক অধিনায়কদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা পোস্ট করেন ব্রায়ান লারা। সেখানে তিনি লেখেন, পাকিস্তানের জন্য একসময় যিনি ছিলেন ‘আশার প্রতীক’, তাকে আজ কেন ‘উপযুক্ত চিকিৎসাসেবা’ থেকে বঞ্চিত করা হচ্ছে, তা তার বোধগম্য নয়।

লারা লেখেন, “ইমরান খান ও আমার মাঠে বেশ কয়েকবারই মুখোমুখি সাক্ষাৎ হয়েছে। তবে তার প্রতি আমার যে শ্রদ্ধা, তা অনেক আগে থেকেই এবং তা চিরস্থায়ী। খেলোয়াড়ি জীবনে যিনি নিজের দেশের আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তাকে আজ এমন পরিস্থিতিতে দেখতে পাওয়া সত্যি কষ্টকর—যেখানে তাকে যথাযথ যত্ন, সহানুভূতি ও প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে না।