শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত টঙ্গী
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:১২ | অনলাইন সংস্করণ
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় গাজীপুরা বাসস্ট্যান্ডের ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। মহাসড়কেও আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে; এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শালিকচূড়া, গাজীপুরা ও সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।
অসন্তোষ ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় টঙ্গীর অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়; এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
পুলিশ জানায়, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে কাঠের টুকরোতে আগুন দেন। একপর্যায়ে গাজীপুরা বাসস্ট্যান্ডের ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শিল্প পুলিশ গাজীপুরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
