সুশাসনের সোপান হোক আসন্ন নির্বাচন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০১:২৭ | অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছে তিনটি মৌলিক লক্ষ্য সামনে রেখে—প্রতিষ্ঠান সংস্কার, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। ইতোমধ্যে রাষ্ট্রীয় কাঠামোর ভঙ্গুর অবস্থান পুনর্গঠনে এবং গুম-খুন-দুর্নীতির বিচারিক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে।

হু সাবেক প্রভাবশালী ব্যক্তি, মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ কর্মকর্তা এবং এক সাবেক প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হয়েছেন। স্বেচ্ছানির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হয়েছেন। তার এবং সহযোগীদের বিরুদ্ধে নানামুখী মামলা চলছে, যার অনেকগুলোর তদন্তে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।

এই সবই প্রমাণ করে—জুলাই চেতনার ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় দর্শনের বাস্তবায়ন থেমে নেই। তবে এই রূপান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর—নির্বাচন। একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি। অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে এগোচ্ছে বলেই দেখতে পাচ্ছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে সক্রিয় সমন্বয় চলছে। নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দেড় লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। একই সঙ্গে মাঠপর্যায়ে জনগণের নির্বাচনী মনোভাব জানার জন্য তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে।

সর্বশেষ অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে জানানো হয়েছে—প্রায় ৬০ হাজার সেনা সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন ভোটারদের আস্থার জায়গা তৈরি করবে বলে আশা করা যায়। সেনাবাহিনী এর আগেও মাঠে ছিল, এবং তাদের নিষ্ঠাপূর্ণ ভূমিকাই জাতিকে আবার একটি নিরপেক্ষ নির্বাচনের আশায় উজ্জীবিত করেছে।

এই উদ্যোগগুলোকে সফল করতে প্রয়োজন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সকল মহলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন হয় একটি নতুন যুগের সূচনাবিন্দু—যেখানে ভোটাধিকার হবে পবিত্র, প্রশাসন থাকবে নিরপেক্ষ এবং ফলাফল হবে সকলের গ্রহণযোগ্য। আগামীর এই নির্বাচনের মাধ্যমেই যেন গণতন্ত্রের নতুন সূর্য উদিত হয় এবং দুর্নীতির, স্বৈরাচারের, দমন-পীড়নের চিরায়ত গলিঘুঁজি চিরতরে বন্ধ করে দেওয়া যায়। এটাই হোক আমাদের অঙ্গীকার। আসুন দেশকে মনের গভীর থেকে ভালোবাসি।