ন্যয় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেখানে পরিষ্কার করে বলা আছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, নির্বাচনের মধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, সেই দলের মেনিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। বিষয়টি কেন জানি আমরা অ্যাভোয়েড করে যাচ্ছি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত। একটা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। এ বিষয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের আহ্বান থাকবে বিরোধী দল আসবে, এই কমিটিতে যোগ দেবে। আলোচনার মাধ্যমে সমাধান করবে।
মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা বিশ্বাস আছে আমরা ন্যয় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো।
