কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার কোটবাড়ির থেকে গতকাল থেকে নিখোঁজ অপ্রতিমের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ির দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার হয়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, ‘দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের লাশ পাওয়া গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে। নিহত অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং কে এম ফিরোজ শাহরিয়ারের সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। মা নাহিদা সামাজিকমাধ্যমে জানান, অপ্রতিম তার আইফোন লুকিয়ে নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল। এরপর থেকে তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না।
ওই দিনই রাতে সদর দক্ষিণ থানায় জিডি করেন অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার।
