উদ্ভাবনী তরুণদের সহযোগিতা করার প্রত্যয় ইউজিসি চেয়ারম্যানের

জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। বিশ্বের ৩৭টি দেশের কয়েক শ দলকে পেছনে ফেলে এ সাফল্য অর্জন করেছে দলটি। বাংলাদেশের দলটির নেতৃত্ব দেন বিডিরেনের ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ। দলের অন্য সদস্যরা হলেন বিডিরেনের জ্যেষ্ঠ ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার। zAI BD এর সদস্যরা ইউজিসি পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান বিডিরেনে কর্মরত।
বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের গবেষণা ও উদ্ভাবনে কাজে লাগাতে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে ইউজিসি।
মঙ্গলবার ইউজিসিতে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় তিনি এ কথা বলেন। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ বিডিরেন ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের দলটিকে বিজয়ী ঘোষণা করেন আন্তর্জাতিক বিচারকেরা। ‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬: ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ)।
বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যবিষয়ক আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য উন্মুক্ত উৎসের এআই প্রযুক্তি তৈরি ছিল প্রতিযোগিতার লক্ষ্য।
