reporterআজকের টাইমস ডেস্ক
  ১ ঘন্টা আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত আফিয়া আক্তার ওই গ্রামের বিভাটেক চালক মোহাম্মদ সুজনের স্ত্রী।

সোমবার দিবাগত রাতে রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই আফিয়াকে মারধর করতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল।

সোমবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সুজন পলাতক রয়েছেন।

রায়পুরা থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযুক্ত সুজনকে গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।

  • সর্বশেষ