ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত করতে পরিদর্শন জোরদারের নির্দেশ

ভূমি অফিসে সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ কমাতে মাঠপর্যায়ের পরিদর্শন ব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সেবার মান, কর্মকর্তাদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পরিদর্শনের বিদ্যমান ছক (ফরম্যাট) যুগোপযোগী করা হচ্ছে। ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে ব্যবহৃত দুটি ছক নিয়ে আলোচনা হয়। এসব ছকের ওপর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পর্যবেক্ষণ ও সুপারিশ কর্মশালায় তুলে ধরা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, সাধারণ নাগরিককে দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়া সরকারের স্পষ্ট অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ের ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, পরিদর্শন ব্যবস্থা যেন শুধু নিয়মরক্ষার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। এটি সুশাসন প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম। পরিদর্শনের ছকগুলো সুনির্দিষ্ট ও সময়োপযোগী করা গেলে ভূমি অফিসের কার্যক্রমে অনিয়ম চিহ্নিত করা এবং দুর্নীতির সুযোগ কমানো সহজ হবে।
কর্মশালায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত থেকে বিদ্যমান দুটি পরিদর্শন ছক নিয়ে সংস্থাটির পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন। মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিদর্শন প্রক্রিয়াকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
আলোচনায় কর্মকর্তাদের দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের সেবার প্রকৃত চিত্র তুলে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সেবাগ্রহীতাদের হয়রানি কমানো, অনিয়ম শনাক্ত করা এবং ভূমি অফিসে জবাবদিহিতার পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পায়।
