reporterআজকের টাইমস ডেস্ক
  ৩ দিন আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল নিয়ে ভাবছে ফিফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে বিতর্কের মধ্যেই ২০৩০ সাল থেকে বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন প্রকাশিত এক নথিতে দেখা গেছে, ২০৩০ সালের বিশ্বকাপ থেকেই ৬৪ দলের আসর আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে একটি স্বাধীন সংস্থা নিয়োগ দিতে চায় ফিফা।

নথি অনুযায়ী, ৭ আগস্টের মধ্যে আগ্রহী সংস্থাগুলোর প্রস্তাব জমা পড়বে। ১৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ফিফা এবং ১১ সেপ্টেম্বরের মধ্যে সম্ভাব্যতা বিশ্লেষণ প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

ফিফা চায়, নিয়োগ পাওয়া সংস্থা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের ফলে বাজারের চাহিদা, বাণিজ্যিক সম্ভাবনা এবং ফুটবল ব্যবস্থার ওপর এর সামগ্রিক প্রভাব মূল্যায়ন করুক। একই সঙ্গে ক্যালেন্ডারের চাপ, প্রতিযোগিতার মান কমে যাওয়ার আশঙ্কা, আয়োজনের জটিলতা এবং বাজারে অতিরিক্ত সরবরাহের ঝুঁকিও বিবেচনায় নেওয়া হবে।

বিশ্লেষণ শেষে সংস্থাটিকে সুস্পষ্টভাবে জানাতে হবে, ৬৪ দলের বিশ্বকাপ ফুটবলের বৈশ্বিক বিস্তার ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে, নাকি উল্টো নানা জটিলতার কারণে এ পরিকল্পনা ক্ষতির কারণ হবে।

ফিফার এই মূল্যায়ন এমন একসময়ে, যখন ফিফা বিশ্বকাপসহ নিজেদের বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের একটি নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে।

তবে সদস্য দেশগুলোর কয়েকটি ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার মুখে বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা।

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'সব পক্ষের মতামত শোনার পর আমরা বুঝতে পেরেছি, এই পরিকল্পনা ফুটবল অঙ্গনে বিভক্তি তৈরি করেছে। তাই এটি আর আমাদের মূল লক্ষ্য পূরণে সহায়ক নয়।'

তিনি বলেন, 'আমাদের লক্ষ্য সবসময় ফুটবলকে এক করা এবং আরও উন্নত করা। তাই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না।

  • সর্বশেষ