সাত বছর পর আসছে কিংবদন্তি সুবীর নন্দীর গান

কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুর অর্ধযুগেরও বেশি সময় পর আসছে অপ্রকাশিত একগুচ্ছ গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেকের সুর সংগীতে ১১টি গানে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। সেখান থেকেই ধারাবাহিকভাবে গানগুলো মুক্তি দেওয়া হচ্ছে।
এবারের গানটি লিখেছেন জাহিদ আকবর। গানের শিরোনাম ‘আমার আয়ু নিয়ে বাঁচো’। স্যাড রোমান্টিক ধাঁচের এই গান মুক্তি পাচ্ছে ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে। একই সাথে গানটি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ অর্ধশত আন্তর্জাতিক প্লাটফর্মে মুক্তি দেওয়া হবে।
গানটি ঢাকার কোলাহল স্টুডিও, কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে ধারণ ও এর মিক্স মাস্টারিংয়ের কাজ করা হয়েছে লাসভেগাসের টিএফপি স্টুডিওতে। তানভীর তারেক জানান, ৬ ফেব্রুয়ারি রাত ১০টায় যমুনা টিভির লাইভ অনুষ্ঠানে গানটির লিরিক ভিডিও প্রকাশ হবে। আর মিউজিক ভিডিও প্রকাশ হবে আসছে রোজার ঈদে।
প্রসঙ্গত, সুবীর নন্দী ২০১৯ সালের ৭ মে ৬৫ বছর বয়সে মারা যান। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন এবং পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একুশে পদকে ভূষিত হয়েছেন।
