reporterআজকের টাইমস ডেস্ক
  ৩ দিন আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী গ্রেপ্তার

নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার অন্যরা হলেন— ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

ওসি বলেছেন, মঙ্গলবার রাতে বাবুল সরকার নামের একজন তাদের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজধানীর শাহবাগ থানায় করা এই মামলায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এজাহারে আরও বলা হয়, বাদী ও এসডিএফের সদস্য সচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান। এতে আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। হামলায় আয়াস গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শান্তা ফারজানাসহ ৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠনের মধ্যে দুই দফা মারামারি ও সংঘর্ষের ঘটনার মধ্যে রাত ১১টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় তাদের জরুরি বিভাগ থেকে বের করে থানায় নেওয়া হয়।

  • সর্বশেষ