reporterআজকের টাইমস ডেস্ক
  ২ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

বইমেলায় অংশ নেওয়ার ঘোষণা ‘প্রকাশক ঐক্য’র

বইমেলা নিয়ে প্রকাশকদের শর্ত মেনে নিয়েছে সরকার। তাই মেলায় অংশ না নেওয়ার ঘোষণা থেকে সরে এসেছে বই প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’। সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। এর আগে শনিবার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতা নিরসন না হওয়া এবং সময়স্বল্পতার কারণ দেখিয়ে অমর একুশে বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

সংবাদ সম্মেলনে মাহরুখ মহিউদ্দিন বলেন, এবার বইমেলায় সবার সমান অধিকারের স্বার্থে প্রকাশক ঐক্য কোনো প্যাভিলিয়ন নেবে না এবং অন্য কাউকেও প্যাভিলিয়ন না দেওয়ার দাবি জানায়। কিন্তু যখন দেখা গেল, প্যাভিলিয়ন ভাঙা হচ্ছে না এবং তাদের শর্ত মানা হচ্ছে না, তখন তারা মেলায় না থাকার ঘোষণা দিয়ে বিবৃতি দেয়। তবে গতকাল রাতে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপস) আন্তরিক একটি সমঝোতা হয়েছে। সরকার শর্ত মেনে নিয়েছে। তাই প্রকাশক ঐক্য বইমেলায় অংশ নিচ্ছে।

মাহরুখ মহিউদ্দিন জানান, প্রকাশকদের প্রাথমিক চাওয়া ছিল বাস্তবতার নিরিখে বইমেলা ঈদের পর আয়োজন করার। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তারা সাড়া পাননি। পরবর্তী সময়ে নতুন সরকার শপথ গ্রহণের পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রকাশকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় প্রকাশকরা তিনটি শর্ত দিলে সরকার তা পূরণের আশ্বাস দেয়। এরপর দুই শতাধিক প্রকাশক চলতি মাসের ১৯ তারিখে আবেদন জমা দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আহমদ পাবলিশিং হাউজের প্রকাশক মেছবাহউদ্দীন, অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, বাতিঘর প্রকাশনীর প্রকাশক দীপঙ্কর দাশ, আদর্শ প্রকাশনীর মাহাবুব রাহমান প্রমুখ।

  • সর্বশেষ