reporterআজকের টাইমস ডেস্ক
  ১ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

জাতির মহান নেতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন

আজ ১৭ মার্চ, শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়েরা খাতুন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। পরিবারের সবার কাছে ‘খোকা’ নামে পরিচিত এই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির মুক্তির পথপ্রদর্শক।

শৈশব থেকেই গ্রামের মানুষের জীবনযাপন, সুখ-দুঃখ ও সংগ্রামের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হন তিনি। গ্রামীণ সমাজে জমিদার, তালুকদার ও মহাজনদের অত্যাচার-শোষণ দেখে তিনি গভীরভাবে ব্যথিত হতেন। একই সঙ্গে হিন্দু-মুসলমানের মিলিত সামাজিক পরিবেশ তাকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। কিশোর বয়স থেকেই তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন।

গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিয়ে প্রথমবারের মতো গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। এরপর থেকেই শুরু হয় তার দীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবন।

বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সারাজীবন নিবেদিত ছিলেন। বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে তাকে পাকিস্তানের কারাগারে প্রায় ১৪ বছর বন্দি থাকতে হয়েছে। এমনকি দুইবার মৃত্যুদণ্ডের মুখোমুখিও হতে হয় তাকে। তবু জাতির অধিকার ও মর্যাদার প্রশ্নে কখনো আপস করেননি।

দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতায় তিনি সহযোদ্ধাদের নিয়ে ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ এবং ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান–এর মধ্য দিয়ে তিনি বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন— “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

এই আহ্বানের পর দেশজুড়ে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন। পরবর্তীতে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর পর শুরু হয় দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আবির্ভূত হয় বাংলাদেশ।

তবে স্বাধীনতার মাত্র চার বছর পর, ১৯৭৫ সালের ১৫ আগস্ট, এক মর্মান্তিক ঘটনার মাধ্যমে জাতি তার মহান নেতাকে হারায়। ওইদিন সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

  • সর্বশেষ