reporterআজকের টাইমস ডেস্ক
  ১ ঘন্টা আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

জাকার্তার কাছে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ১৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮৪ জন। সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাতে জাকার্তার নিকটবর্তী বেকাসি শহরের একটি রেলস্টেশনে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় রেল সংস্থা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকার্তা থেকে চিকারাংগামী একটি যাত্রীবাহী ট্রেন এবং জাকার্তা-সুরাবায়া পথে চলাচলকারী আর্গো ব্রোমো আংগ্রেক নামের একটি দ্রুতগতির দূরপাল্লার ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, একটি ট্যাক্সি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনটিকে ধাক্কা দিলে সেটি লাইনের ওপর আটকে পড়ে। ঠিক সেই সময় দূরপাল্লার ট্রেনটি এসে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে জোরে আঘাত করে, এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং কাজের জায়গা সীমিত থাকায় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে। আটকে পড়াদের জীবিত উদ্ধারে উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ধাতব অংশ কেটে কাজ চালিয়ে যাচ্ছেন।

ইতোমধ্যে ৮৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

ইন্দোনেশিয়ার রেলপথে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। ২০১০ সালে এক ট্রেন দুর্ঘটনায় ৩৬ জন এবং ২০১৫ সালে ট্রেন ও মিনিবাসের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছিলেন। সংশ্লিষ্টদের মতে, পুরনো অবকাঠামো এবং অরক্ষিত লেভেল ক্রসিংই এসব দুর্ঘটনার অন্যতম কারণ। সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ