reporterআজকের টাইমস ডেস্ক
  ১ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানির দাম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে জ্বালানি তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম ৩ ডলারে নেমে আসতে পারে। পরে তা ২ ডলারের নিচেও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পাম্পে জ্বালানি তেলের দাম দ্রুত কমে গ্যালনপ্রতি ৩ ডলারে নামবে এবং পরবর্তী সময়ে তা ২ ডলারের নিচে চলে যেতে পারে। এক গ্যালনে প্রায় ৩ দশমিক ৮ লিটার তেল থাকে।

তেলের দাম দ্রুত কমে যাওয়ার কথা উল্লেখ করার পাশাপাশি ট্রাম্প আবারও দাবি করেন, ইরান ‘কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না’।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। এর মধ্যে দেশটির পাম্পগুলোয় ডিজেলের দামও সাম্প্রতিক সময়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রে ট্রাক, ট্রেন, নৌযান ও বাসের মতো বাণিজ্যিক পরিবহনের পাশাপাশি কৃষি ও নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন যানবাহনে ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ও উৎপাদন খাতে ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৫ দশমিক ৮৫ ডলার। এক বছর আগে একই সময়ে এ দাম ছিল ৩ দশমিক ৭১ ডলার।

এবারের ডিজেলের দাম ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জ্বালানির মূল্যবৃদ্ধির সময়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই পাইকারি বাজারে তেলের দাম দ্রুত বাড়তে থাকে।

  • সর্বশেষ